তুলা উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬ সময়: ০৯:৫০:০৮
বগুড়া, ১৮ জুলাই, ২০২৬, (বাসস): দেশে তুলার উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
তিনি বলেছেন, তুলা আমদানিতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে। দেশে উৎপাদন বাড়ানো গেলে একদিকে আমদানি নির্ভরতা কমবে, অন্যদিকে দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্প আরও শক্তিশালী হবে।
আগামী চার বছরের মধ্যে দেশের সব কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।
আজ শনিবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে তুলা উন্নয়ন বোর্ডের বগুড়া জোন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম এসব কথা বলেন।
২০২৬-২৭ মৌসুমে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিবগঞ্জ, সোনাতলা ও গাবতলী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড তুলাবীজ, সার ও বালাইনাশক বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই শতাধিক কৃষক অংশ নেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
মীর শাহে আলম বলেন, তুলার বহুমুখী গুণাগুণ রয়েছে। তুলা থেকে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা সম্ভব। ভারত ও পাকিস্তানে তুলা থেকে পার্টিকেল বোর্ডসহ বিভিন্ন পণ্য তৈরি করা হয়। আমাদের দেশেও তুলার উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে।
কৃষকদের তুলা চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনে রিস্ক না নিলে সফলতা আসবে না। আমি রিস্ক নিয়ে এতো জটিলতার মধ্যেও মহান আল্লাহর ইচ্ছায় আজ এতোদূর এসেছি। যারা প্রণোদনা পাবেন, তাদের অনুরোধ করবো তুলা চাষে রিস্ক নিতে।
তিনি বলেন, তুলা চাষের পাশাপাশি অন্যান্য ফসলও উৎপাদন করা যায়। তাই আলুর পরিবর্তে তুলা চাষের কথা ভাবতে হবে। তুলার ন্যায্য দাম না পাওয়ার আশঙ্কা না করে কৃষকদের উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তুলার দাম না পেলে তখন আমার কাছ থেকে জবাব চাইবেন।
No Comment Yet