যৌতুকের নির্মম পরিণতি: স্ত্রী হত্যার পর শ্বশুরকে ফোন, অতঃপর...
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ সময়: ০২:২৫:১৯
যৌতুক ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে আইন থাকলেও বাস্তবে তার ভয়াবহ চিত্র আবারও সামনে এলো গাজীপুরে। যৌতুকের দাবিকে কেন্দ্র করে স্ত্রীকে হত্যার পর নির্লজ্জভাবে শ্বশুরকে ফোন করে লাশ নিয়ে যেতে বলার ঘটনাটি দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের জন্ম দিয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে ঘাতক স্বামী জালাল ওরফে দুলু।
নিহত নারী মাস্তুরা আক্তার সুমা (২৮) গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা এলাকার একটি ভবনের তৃতীয় তলায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয় একটি গার্মেন্টসে কর্মরত সুমা ছিলেন পরিবারের আয়ের প্রধান ভরসা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে ওই বাসাতেই ঘটে যায় মর্মান্তিক হত্যাকাণ্ড।
র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে যৌতুক নিয়ে দাম্পত্য কলহ চলছিল। সেই বিরোধের জের ধরেই স্বামী জালাল তার স্ত্রীকে হত্যা করে। হত্যার পর মরদেহ ঘরের ভেতর তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায় সে। পরদিন সকালে নিহতের বাবাকে ফোন করে হত্যার কথা জানানো হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
খবর পেয়ে বাসন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা মিরাজুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১ ও র্যাব-১৩ এর যৌথ দল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট এলাকা থেকে অভিযুক্ত জালালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য মিলেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করে, যৌতুক প্রথা শুধু একটি সামাজিক ব্যাধি নয়-এটি নারীর জীবনের জন্য সরাসরি হুমকি।
No Comment Yet