আসন্ন নির্বাচন উপলক্ষে ফেনীতে বিজিবি মহাপরিচালকের নিরাপত্তা পরিদর্শন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ সময়: ০৮:০৪:১৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করতে ফেনী জেলা সফর করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে বিজিবির একটি হেলিকপ্টারযোগে তিনি ফেনী গার্লস ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করেন। এরপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। উক্ত সভায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নাজিম উদ-দৌলাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি মহাপরিচালক পরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক ছাগলনাইয়া উপজেলায় স্থাপিত অস্থায়ী নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি দায়িত্বরত বিজিবি সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সুষ্ঠু ও অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন।ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।যেকোনো উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থান। এ সময় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোশারফ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সফরের এই বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet