চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবক হত্যার ঘটনায় গ্রেফতার ৭
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ সময়: ১৪:০৭:৫৪
চাঁদপুর, ৪ জুন, ২০২৬ (বাসস): চাঁদপুরের হাইমচরে সম্পত্তিগত বিরোধের জেরে চোখে মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ওমর ফারুক নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় ৫ নারী এবং ২ কিশোরসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩ জুন) বিকেলে গ্রেফতারকৃত আসামিদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত যুবকের বাবা আবদুল খালেক ঢালী বাদী হয়ে বুধবার সকালে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় হাইমচর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৫)।
এরপরই হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসানের নির্দেশনায় এসআই প্রিয়লাল ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন,আঁখি আক্তার (২৩), নাজমা বেগম (৪৫), লাকী বেগম (৩০), সোনিয়া বেগম (১৯) ও তয়মুনন্নেছা (৫৫)। তাদের সবার বাড়ি হাইমচরের উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামে। এছাড়া একই ঘটনায় জুম্মান (১৫) ও আব্দুল্লাহ (১৩) নামের দুই কিশোরকেও গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, নৃশংস এই হত্যাকাণ্ডের পর পুলিশ তৎপরতার সাথে মূল আসামিদের গ্রেফতার করেছে। ঘটনার সাথে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
হাইমচর থানা পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের হাইমচর উপজেলায় ইজমালি পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারধরের এক পর্যায়ে চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওমর ফারুক (২২) নামে এক যুবককে হত্যা করা হয়। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়ে যায়। গত মঙ্গলবার (২ জুন) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃধা বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক উপজেলার উত্তর চরভাঙ্গা (ঢালী বাড়ি) গ্রামের খালেক ঢালীর পুত্র।
No Comment Yet