নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ সময়: ২১:৩৯:৫৮
নাটোর, ৩ অক্টোবর ২০২৬ (বাসস): জেলার সিংড়া উপজেলায় আজ চলনবিল এলাকায় তিন পাখি শিকারির প্রত্যেককে একদিনের কারাদন্ড এবং দুইহাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অর্ধশতাধিক বক পাখি আকাশে অবমুক্ত এবং পাখি শিকারের জন্যে ব্যবহৃত ১০টি কিল্লাঘরের ফাঁদ ধ্বংস করা হয়।
আজ শনিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত তিন পাখি শিকারি আব্দুর রশীদ (৫৫), মকছেদ আলী (৫০) এবং আবু হানিফ (৪০) নাটোরের সিংড়া উপজেলার পূর্বভেংড়ী গ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
Anjara World Shop
শনিবার ভোরে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নিদের্শনায় চলনবিলের আগমুরশন, বামিহাল, কাকিয়ান এবং পূর্বভেংড়ী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তিন পেশাদার শিকারিকে আটক করেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এ সময় শিকারিদের কাছ থেকে অর্ধশতাধিক বক পাখি এবং পাখি শিকারের ১০টি ফাঁদ উদ্ধার করা হয়। পরে পাখি শিকারিদের উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হলে এই দন্ড আরোপ করা হয়।
এ সময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সাইফুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
No Comment Yet