ফ্রান্স সরকারের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ পার্বত্য মন্ত্রীর

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৬ (বাসস): পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বাংলাদেশ তথা পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ফ্রান্স সরকারের বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর।

আজ বুধবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লের নেতৃত্বে দুই সদস্যের এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্র ও বৈষম্যমুক্ত সুষম বন্টনের ভিত্তিতে মিলেমিশে বসবাস করতে পারে, সে লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সৌজন্য সাক্ষাৎকালে তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ রক্ষা, কৃষি, ইকো-ট্যুরিজম, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে।

পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব প্রদান করছে। সেখানে মাল্টিমিডিয়া প্রযুক্তির মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধি এবং সামগ্রিক জীবনযাত্রার উন্নয়নে একাধিক প্রকল্প চলমান রয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে কফি ও কাজুবাদাম চাষে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

বৈঠকে পাহাড়ে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম, শান্তি-শৃঙ্খলা রক্ষা, সুষম উন্নয়ন, শিক্ষার গুণগত মান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, নারীর ক্ষমতায়ন, সুপেয় পানি সরবরাহ এবং মানবাধিকার সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশ ও ফ্রান্স সরকার আরও ঘনিষ্ঠভাবে একযোগে কাজ করার বিষয়ে একমত পোষণ করে।

0%
0%
No Comment Yet