ফ্লাওয়ারকে টপকে শীর্ষে টেইলর
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ সময়: ১৭:৩৬:০২
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ (বাসস) : এন্ডি ফ্লাওয়ারকে টপকে জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ব্রেন্ডন টেইলর।
গতকাল থেকে আবু ধাবিতে শুরু হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে ১০টি চারে ১০১ বলে ৮১ রান করেন টেইলর। এই ইনিংস খেলার পথে ওয়ানডেতে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রানের মালিক হন তিনি।
বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সাবেক অধিনায়ক এন্ডি ফ্লাওয়ার।
১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে ২১৩ ম্যাচের ২০৮ ইনিংসে ৪ সেঞ্চুরি ও ৫৫ হাফ-সেঞ্চুরিতে ৬৭৮৬ রান করেছেন তিনি। ফ্লাওয়ারের ব্যাটিং গড়- ৩৫.৩৪।
বাংলাদেশের বিপক্ষে ৮১ রানের ইনিংসে ফ্লাওয়ারকে টপকে যান টেইলর। ২০০৪ সালে বুলাওয়েতে শ্রীলংকার বিপক্ষে অভিষেকের পর ২১১তম ম্যাচে এসে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হন তিনি।
বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking
২০৯ ইনিংস ব্যাট করে ৩৫.২৪ গড়ে ৬৮৩৭ রান করেছেন টেইলর। ওয়ানডে ক্যারিয়ারে ১১টি শতক ও ৪০টি অর্ধশতক আছে তার।
কিংবদন্তি ফ্লাওয়ারকে টপকে সর্বোচ্চ রানের মালিক হয়ে ৪০ বছর বয়সী টেইলর বলেন, ‘ভালো লাগছে। ফ্লাওয়ার আমার এবং আরও অনেকের অনুপ্রেরণা। তাকে টপকে রেকর্ড দখলে নেওয়ার ব্যাপারটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। আমরা সবাই তাকে সবসময় সর্বোচ্চ সম্মান করি।’
No Comment Yet