চব্বিশের গণঅভ্যুত্থানকে বিতর্কিত করবেন না: তারেক রহমান
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ সময়: ২০:১৮:২১
দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে একটি মহল বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করে কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে তা জাতীয় সংসদে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের মহানবমীর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সরকার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায়। কিন্তু একটি মহল বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। অতীতে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, একইভাবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকেও বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে তা জাতীয় সংসদে তুলে ধরা উচিত। জনগণ তাদের প্রতিনিধিদের সংসদে পাঠিয়েছে। সেখানে আলোচনা ও বিতর্কের মাধ্যমে জনগণ এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
সব মানুষের জন্য কাজ করতে চায় সরকার
নির্বাচনে বিএনপি বা তার প্রার্থীদের ভোট দিয়েছেন কি না, তা বিবেচনায় না নিয়ে সবার জন্য কাজ করার অঙ্গীকার করেন তারেক রহমান। তিনি বলেন, যারা সরকারকে ভোট দিয়েছেন, তাদের পাশাপাশি যারা ভোট দেননি, সরকার তাদেরও হতে চায়।
রাষ্ট্রের অর্থনৈতিক সামর্থ্য বিবেচনায় নিয়ে সব এলাকার সুষম উন্নয়ন করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রংপুর মহানগরীর উন্নয়নে গত দুই সপ্তাহে একনেকের সভায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামে সেতু, কালভার্ট, স্কুল ও কলেজসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এসব উন্নয়নকাজ বাস্তবায়নে রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025
ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিভিন্ন ধর্ম, মত ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানুষ ধর্মীয় পরিচয় বিবেচনা না করে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছে।
সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব ধর্ম ও মতের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং মন্দির কর্তৃপক্ষের হাতে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন। মন্দিরের পেছনে থাকা হোস্টেলের অবকাঠামো উন্নয়নে সহযোগিতার বিষয়টি দেখতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে নির্দেশনাও দেন তিনি।
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম রংপুর সফর। এদিন তাঁর রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।
No Comment Yet