পানিতে ডুবে দেড় বছরের জমজ দুই শিশুর মৃত্যু: অরক্ষিত পুকুর-ই খুনি, শোকগাথা নবীনগর
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ সময়: ১১:০১:২৭
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের মেরকূটা গ্রামে ২১ অক্টোবর ২০২৬ ইং তারিখ রোজ বুধবার সকালে যে ঘটনা ঘটেছে তা এক মহাকাব্যিক শোকগাথা। বাড়ির উঠোনে খেলতে থাকা দেড় বছর বয়সী জমজ দুই ভাই আকরাম ও হোসাইফা, সৌদি প্রবাসী আক্কাছ মিয়ার কলিজার টুকরা বাড়ির পাশের পুকুরে ডুবে চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে।
স্থানীয়রা বলছেন, সকাল তখনো পুরোপুরি জাগেনি। দুই ভাই হাত ধরাধরি করে উঠোনে খেলছিল। হয়তো একটি বল গড়িয়ে পড়েছিল পুকুরের দিকে। সেই বল আনতে গিয়েই এক ভাই পড়ে যায়, তাকে বাঁচাতে গিয়েছিলো আরেক ভাই। কে কাকে বাঁচাবে, দেড় বছরের দুটি শিশু তো আর সাঁতার জানে না। জানে শুধু ভাইকে আঁকড়ে ধরা। পুকুরের কালো জল দুজনকেই একসাথে কেড়ে নিল।
পরিবারের লোকজন যখন তাদের খুঁজে পেল না, তখন উঠোন থেকে পুকুর সবখানে হাহাকার। শেষে পুকুরের জলে ভেসে থাকা দুটি নিষ্পাপ মুখ দেখে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলো, কিন্তু তিনি শুধু বললেন “তারা আর নেই।”
প্রতিবছর নবীনগরে এভাবে কত আকরাম-হোসাইফা পুকুরে ডুবে মরে, তার হিসাব কেউ রাখে না। বাড়ির পাশে অরক্ষিত পুকুর, পুকুরের চারপাশে কোনো বেড়া নেই, শিশুদের দিকে নজরদারি নেই এই অবহেলাই তো সবচেয়ে বড় খুনি।
বিজ্ঞাপন
Anjara World Shop
বিদ্যাকুট ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাকারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
No Comment Yet