ঢাবিতে হালিম বয়াতি স্মরণোৎসব আজ

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ (বাসস) : বিচার গানের (যুক্তি-তর্কভিত্তিক লোকসংগীত) সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম বয়াতির ৯৭তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে হালিম বয়াতি স্মরণোৎসব-২০২৬ আয়োজন করা হয়েছে। 

সাংস্কৃতিক সংগঠন ‘হারিকেন’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা করবেন আলোকচিত্রী ও গবেষক নাসির আলী মামুন এবং লেখক ও গবেষক শফিকুর রহমান চৌধুরী, ড. তপন বাগচী ও ড. সাইমন জাকারিয়া। এছাড়া স্মৃতিচারণ করবেন হালিম বয়াতির শিষ্য লাল মিয়া বয়াতি, নজরুল বয়াতি ও তার পুত্র নিশানে হালিম।

উৎসবের সাংস্কৃতিক পর্বে আলেয়া বেগম, ফকির আবুল সরকার, লতা দেওয়ান, রুমা সরকার, মুক্তা সরকার, সৈয়দ আশিকুর রহমান, বিমান চন্দ্র বিশ্বাস, বগা তালেব, আকাশ গায়েন, শাহ মোহাম্মদ শিপন, খোকন চিশতি, নবীন কিশোর গোস্বামীসহ দেশের প্রখ্যাত বাউল ও লোকজ শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। পাশাপাশি আলম বয়াতি, রনি দেওয়ান, কানন মোল্লাসহ একাধিক যন্ত্রশিল্পী এতে অংশ নেবেন।

মরমী সাধক ও বরেণ্য লোকসংগীতশিল্পী আবদুল হালিম বয়াতি (আবদুল হালিম মিয়া) ১৯২৯ সালের ৩০ অক্টোবর মাদারীপুর জেলার শিবচর উপজেলার বড়দোয়ালী গ্রামে জন্মগ্রহণ করেন। 

বিজ্ঞাপন

Anjara World Shop

বাল্য বয়সে সংগীতচর্চা শুরু করা এই সাধক বাউল গানের ‘বিচার ধারা’ এবং আধ্যাত্মিক সুফিগানের জন্য ব্যাপকভাবে সমাদৃত। বাংলাদেশে লোকবাদ্যযন্ত্র ‘সারিন্দা’ জনপ্রিয় করার পেছনে তার বড় ভূমিকা রয়েছে। ১৯৫৭ সালে বেতারে সরাসরি অনুষ্ঠানে তিনি প্রথমবারের মতো এই বাদ্যযন্ত্রটি বাজান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

নিজের জীবদ্দশায় তিনি ৫ সহস্রাধিক গান রচনা করেন, যেগুলো ‘হালিম সংগীত’ নামে পরিচিত। এসব গানের মধ্যে দেহতত্ত্ব, শরিয়ত, মারফত, হকিকত, তরিকত ও দেশাত্মবোধক গান উল্লেখযোগ্য। 

0%
0%
No Comment Yet