মেহেরপুর সীমান্তে ৩২টি স্বর্ণের বার জব্দ, আটক ২
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ০১ নভেম্বর ২০২৬ সময়: ২২:৩১:২৪
মেহেরপুর, ১ নভেম্বর ২০২৬ (বাসস): জেলায় আজ মুজিবনগর উপজেলার সীমান্তে অভিযানকালে তিনকেজি ৯৪১ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য সাতকোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এ ঘটনায় মো. আসাদুল (৫০) ও জুয়েল হোসেন (৩০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ রোববার দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকা থেকে স্বর্ণের বার সহ তাদেরকে আটক করা হয় বলে বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটককৃত মো. আসাদুল মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আবু বক্করের ছেলে। অন্যদিকে আটককৃত জুয়েল হোসেন একই এলাকার মাদারের ছেলে।
বিজ্ঞাপন
Anjara World Shop
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল জেলার মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী নাজিরাকোনা এলাকায় সীমান্ত পিলার ১১০-এর প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল নামক স্থানে অবস্থান নেয়। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ব্যাগ হাতে সীমান্তের দিকে যাওয়া দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক শেষে ব্যাগ তল্লাশি কালে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের বারগুলোর মোট ওজন তিনকেজি ৯৪১ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য সাতকোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মুজিবনগর থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
No Comment Yet