ফুলবাড়ীয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত: দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ০১ নভেম্বর ২০২৬ সময়: ২২:৩২:৪১
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
আজ রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন— ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান, ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমসের আলী, উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম, ফুলবাড়িয়া উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) আব্দুল মজিদ, ফুলবাড়িয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এ এস এম পারভেজ রনি সরকার, নারী উদ্যোক্তা আম্বিয়া খাতুন এবং তারুণ্যের আলো যুব সমাজ প্রতিনিধি ফুয়াদ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একজন উদ্যোক্তা ও একজন খামারির মাঝে মোট ৩ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, জাতীয় যুব দিবস উপলক্ষে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মূল লক্ষ্য হলো যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তাদের উৎসাহিত করা।
No Comment Yet