১৪ ঘণ্টায় সহযোগিতার টাকার হিসাব দিলেন এনসিপির তাসনিম জারা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ সময়: ০০:২৮:২২
ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনী তহবিলে অল্প সময়েই বড় সাড়া মিলেছে। তিনি জানিয়েছেন, মাত্র ১৪ ঘণ্টায় তিনি ২৩ লাখ ৬৮ হাজার টাকা সহযোগিতা পেয়েছেন, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা বলেন, এত স্বল্প সময়ে মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের প্রত্যাশার বাইরে ছিল। তিনি জানান, পুরো ফান্ডরেইজিংয়ের লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এই পরিমাণ অর্থ সংগ্রহ সম্পন্ন হলেই অনুদান গ্রহণ বন্ধ করা হবে।
তিনি আরও জানান, অনুদানের চাপের কারণে বিকাশ অ্যাকাউন্টের দৈনিক লিমিট শেষ হয়ে যাওয়ায় সাময়িক সমস্যা তৈরি হয়েছে। যারা বিকাশের মাধ্যমে অনুদান পাঠাতে পারছেন না, তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদান দেওয়ার অনুরোধও জানান তিনি।
ফান্ড সংগ্রহে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে ডা. তাসনিম জারা বলেন, শুরু থেকেই তিনি একটি পরিষ্কার প্রতিশ্রুতি দিয়েছেন যে পুরো প্রক্রিয়া হবে শতভাগ স্বচ্ছ। সে লক্ষ্যেই কোনো নগদ অর্থ গ্রহণ করা হচ্ছে না; সব অনুদান নেওয়া হচ্ছে বিকাশ ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, যাতে প্রতিটি টাকার নির্ভরযোগ্য রেকর্ড থাকে। এসব লেনদেন বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রিত ব্যবস্থার আওতায় থাকায় ভবিষ্যতে তা যাচাই করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
anjara world
তিনি জানান, কত টাকা কোন মাধ্যমে এসেছে—সে তথ্য নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি সংগ্রহ ও ব্যয়ের সব তথ্য নির্বাচন কমিশনের কাছেও জমা দেওয়া হবে, যাতে প্রয়োজনে কমিশন তা যাচাই করতে পারে। কোন খাতে কত টাকা ব্যয় করা হবে, সে বিষয়েও দাতাদের পরিষ্কারভাবে জানানো হবে বলে আশ্বস্ত করেন তিনি।
এর আগে দেওয়া আরেকটি পোস্টে ডা. তাসনিম জারা জানান, ফান্ডরেইজিং শুরু হওয়ার মাত্র ৭ ঘণ্টার মধ্যেই ১২ লাখ টাকার বেশি অনুদান আসে। তিনি বলেন, এমন অভূতপূর্ব সমর্থন তাদের জন্য অনুপ্রেরণার পাশাপাশি বড় দায়িত্বও তৈরি করেছে। জনগণের এই আস্থা ও সহযোগিতার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
No Comment Yet