বইছে শৈত্যপ্রবাহ, এরই মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬ সময়: ০৪:৪৭:৫৫
২১ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এই অবস্থায় নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্ধিত ৫ দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি। এছাড়া আগামী ২৪ ঘণ্টায়ও কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে শৈত্যপ্রবাহ।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
এই আবহাওয়াবিদ জানান, বর্তমানে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও কোথাও কোথাও দাপটে থাকতে পারে শৈত্যপ্রবাহ। আর এই সময়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারাদেশে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।
বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card
এদিকে শুক্র ও শনিবার (২-৩ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এরমধ্যে শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে এই সময়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারাদেশে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।
No Comment Yet