জামায়াতের সঙ্গে মতভেদ নিয়ে যা বললেন মুফতি ফয়জুল করীম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি, তবে ১১ দলীয় জোটের মধ্যে এখনও আসন বণ্টন চূড়ান্ত হয়নি। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মধ্যে মতভেদ জোটের ভিতরে টানাপোড়েন সৃষ্টি করেছে।

জোট সূত্র জানায়, মনোনয়নপত্র দাখিলের আগ পর্যন্ত আসন বণ্টন নিয়ে একাধিক দফা আলোচনা হয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তবে ২৯ ডিসেম্বরের মধ্যে অধিকাংশ শরিক দলের সঙ্গে আসন ভাগাভাগি নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতা মুফতি ফয়জুল করীম গণমাধ্যমকে বলেছেন, জামায়াতের সঙ্গে তাদের মতানৈক্য রয়েছে, তবে আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ এখনও আছে। তিনি অভিযোগ করেছেন, সম্প্রতি জোটে যুক্ত এনসিপিসহ কয়েকটি দলের সঙ্গে ৮ দলের কোনো বৈঠক হয়নি, ফলে আলোচনার পরিসর শুধুমাত্র জামায়াতের দিকে সীমাবদ্ধ থাকছে, যা জোটের কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম রংপুরে এক নির্বাচনী সভায় বলেন, জোটের ভেতরে আলোচনা চলছেই এবং শেষ পর্যন্ত আসন সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদী। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব যোবায়েরও জানিয়েছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পর্যন্ত আলোচনা চালানোর সুযোগ রয়েছে। আপাতত লিয়াজোঁ কমিটির কোনো বৈঠক না থাকলেও সমঝোতা ব্যর্থ হওয়ার আশঙ্কা নেই। তিনি আরও বলেন, জোটের বাইরে গেলে কী ধরনের রাজনৈতিক পরিণতি হতে পারে, তা সবাই জানে।

এদিকে ১১ দলীয় জোটের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিছু দল যাদের আগে কখনো সংসদে আসন পাননি, তারা বিপুল সংখ্যক আসন দাবি করছে, যা বাস্তবসম্মত নয়। তিনি উল্লেখ করেন, জোট রাজনীতিতে পারস্পরিক ছাড় দেওয়ার মানসিকতা জরুরি এবং আশাবাদ ব্যক্ত করেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ পর্যন্ত সমঝোতার পথেই ফিরে আসবে।

0%
0%
No Comment Yet