নীলফামারীতে জামাতার গাড়ির ধাক্কায় শ্বশুর নিহত
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬ সময়: ০৫:০৯:১৯
নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় মেয়েকে বাড়ি থেকে জোর করে নিয়ে যাওয়ার সময় বাধা দিতে গিয়ে জামাতার প্রাইভেটকারের ধাক্কায় শ্বশুড় ইনতাজুল ইসলাম (৬০) নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় এলাকাবাসী ধাওয়া করে জামাতা আবু তাহেরকে (৩৫) প্রাইভেটকার সহ আটক করে পুলিশে দিয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জুম্মার নামাজের পর মর্মান্তিক এই ঘটনাটি ঘটে উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুড়াকুটি গ্রামের ঘোপাপাড়া এলাকায়। আটক জামাতা আবু তাহের একই ইউনিয়নের পাগলাটারী গ্রামের মজিদুলের ছেলে।
জানা যায়, প্রথম স্ত্রী মিষ্টি (২৫) থাকা অবস্থায় আবু তাহের প্রেমের সম্পর্ক গড়ে তুলে দ্বিতীয় বিয়ে করে উক্ত ইনতাজুল ইসলামের মেয়ে রেজেকা ইসলামকে (২২)। পারিবারিক কলহের কারণে রাগ করে ঘটনার দিন সকালের দিকে স্বামীর বাড়ি থেকে রেজেকা বাবার বাড়ি ফিরে আসে। জুম্মার নামাজের সময় উক্ত জামাতা তার প্রথম স্ত্রী সহ একটি প্রাইভেটকারে দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি এসে ক্ষমা চেয়ে দ্বিতীয় স্ত্রীকে প্রাইভেট কারে নিয়ে যাচ্ছিল। এ সময় খবর পেয়ে মসজিদ থেকে বের হয়ে প্রাইভেটকারটির গতিরোধ করতে শ্বশুর ইনতাজুল ইসলাম ও তার ছোট মেয়ে নার্গিস বেগম রাস্তায় দাঁড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ ওই সময় প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলে ছিটকে পড়ে নিহত হন ইসতাজুল ইসলাম। এ সময় এলাকাবাসী ধাওয়া করে ও পথরোধ করে প্রাইভেটকারটি সহ জামাতা আবু তাহেরকে আটক করে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে সর্পোদ্দ করে। প্রাইভেট কারটির নম্বর ঢাকা মেট্রো-গ- ১২-৯৫৫২। এসময় নিহত ইনতাজুল ইসলামের ছোট মেয়ে অভিযোগ করে জানায় তার বাবাকে পরিকল্পিতভাবে গাড়ী চাপা দিয়ে আবু তাহের হত্যা করেছে। সে এর বিচার দাবি করে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet