সিলেটে উদ্বোধন হচ্ছে বিসিবির প্রথম আঞ্চলিক কার্যালয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালে সুখবর পেলো সিলেটবাসী। বিভাগীয় পর্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম আঞ্চলিক অফিস উদ্বোধন হতে যাচ্ছে সিলেটে।

আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) সিলেটে ‘বিসিবি সিলেট’ নামে প্রথম আঞ্চলিক অফিস উদ্বোধন হবে বলে জানিয়েছেন বিসিবির সিলেট বিভাগের পরিচালক রাহাত শামস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আমিনুল ইসলাম ও সিলেটের জেলা প্রশাসক মো.সারওয়ার আলমসহ বিসিবি সংশ্লিষ্টরা।

বিসিবির একটি সূত্র জানায়, আঞ্চলিক কার্যালয়গুলো ‘অ্যাসোসিয়েশন’ হিসেবে নয়, বরং নির্দিষ্ট বিভাগের নাম ধরে পরিচালিত হবে। উদাহরণস্বরূপ, সিলেটের অফিস হবে “বিসিবি সিলেট”, চট্টগ্রামের অফিস হবে “বিসিবি চট্টগ্রাম” ইত্যাদি। প্রতিটি অফিসে একজন প্রধান দায়িত্বপ্রাপ্ত থাকবেন, যিনি অফিসের সব কার্যক্রম দেখবেন। এদের জন্য আলাদা অর্গানোগ্রাম এবং স্টাফ কাঠামো থাকবে।

আঞ্চলিক অফিসপ্রধান নিয়োগের ক্ষেত্রে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে যোগ্য ও দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হবে। বোর্ডের লক্ষ্য, দেশের প্রতিটি অঞ্চলের ক্রিকেট উন্নয়ন কার্যক্রমে বিশেষজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করা।

এই উদ্যোগের মাধ্যমে বিসিবি ভারতের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের আঞ্চলিক ব্যবস্থাপনার মতো একটি কাঠামো তৈরি করতে যাচ্ছে। ঢাকার বাইরে ক্রিকেট ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম আরও শক্তিশালী হবে।
বিসিবির এই উদ্যোগ বাংলাদেশের ক্রিকেটকে আরও সুবিন্যস্ত, কার্যকর ও সামগ্রিকভাবে শক্তিশালী করার লক্ষ্যকে বাস্তবে পরিণত করবে।

এবিষয়ে বিসিবি সিলেট বিভাগের পরিচালক রাহাত শামস বলেন, বিসিবি আঞ্চলিক অফিসটি উদ্বোধন করবেন বোর্ড সভাপতি এবং তিনি একটা প্রেজেন্টেশন দিবেন। মাঠের এখানে একটা অফিস থাকবে। অফিসটা দুটো রুম নিয়ে হবে। একজন হেড অব ক্রিকেট থাকবে। উপজেলা লেভেল বা ইউনিয়ন থেকে ক্রিকেটার আনাই তার মূল লক্ষ্য থাকবে।

তিনি বলেন, এখানে ক্রিকেট বোর্ডের মাধ্যমে সবকিছু হবে। এখন যেমন ভেন্যু ম্যানেজার আছে, আরও একজন রয়েছে ডিভিশনাল কোচ। জেলা কোচ রয়েছেন। হেড অব ক্রিকেট নিয়োগের মাধ্যমেই হবে। বিজ্ঞাপন দেয়া হবে তারপর, তাকে বেতনের মাধ্যমে নিয়োগ করা হবে।

রাহাত শামস বলেন, সবগুলা বিভাগেই আলাদা আলাদা ভাবে বিসিবির সাব-সেক্টর বা ক্রিকেট বোর্ড হবে। আমাদের বিভাগীয় অফিসের দায়িত্ব হলো এই বিভাগের ক্রিকেটের উন্নয়নের কাজ করা।

0%
0%
No Comment Yet