মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন কোচ পোলার্ড
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ সময়: ১৬:২১:২৩
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার কাইরন পোলার্ড।
শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন পোলার্ড। সম্প্রতি মুম্বাইয়ের প্রধান কোচের পদ ছাড়েন জয়াবর্ধনে।
২০১০ সালে মুম্বাইয়ে হয়ে প্রথম আইপিএল খেলা শুরু করেন পোলার্ড। ২০২২ সালে মুম্বাইয়ের হয়ে সর্বশেষ খেলার পর আইপিএল থেকে অবসর নেন পোলার্ড। ১২ বছর মুম্বাইয়ের হয়ে খেলা শেষে একই দলের ব্যাটিং কোচ হন তিনি। ২০২৩ সাল থেকে মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব পালন শুরু করেন এই ডান-হাতি ক্রিকেটার।
২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল এবং ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে মুম্বাই। মুম্বাইয়ের শিরোপা জয়ে বড় অবদান রাখেন পোলার্ড। আইপিএলে মুম্বাইয়ের হয়ে মোট ১৮৯ ম্যচে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩,৪১২ রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে ৬৯ উইকেট শিকার করেন এই মিডিয়াম পেসার।
মুম্বাইয়ের কোচের দায়িত্ব পেয়ে উচ্ছসিত পোলার্ড। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের ব্যাপার। আমার জীবন ও কর্মজীবনের একটি বিশাল অংশ জুড়ে আছে মুম্বাই। এই দল-ক্রিকেটার ও সবার সাথে আমার যে বন্ধন, তা আমার কাছে অনেক বেশি মূল্যবান।’
বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card
তিনি আরও বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিটি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সাথে নিবিড়ভাাবে কাজ করতে আমি মুখিয়ে আছি। দলের ঐতিহ্যকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এবং দলের প্রতিভা বিকাশে অবদান রাখতে হবে।’
পোলার্ডের হাত ধরে মুম্বাই আবারও শিরোপার স্বাদ নিবে বলে আশা করছেন দলটির স্বত্বাধিকারী নিতা আম্বানি। তিনি বলেন, ‘২২ বছর বয়সে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন পোলার্ড। গত ১৬ বছরে আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন তিনি। ক্রিকেটার হিসেবে আমাদের অনেক অবিস্মরণীয় মুহুূর্ত উপহার দিয়েছেন পোলার্ড।’
নিতা আম্বানি আরও বলেন, ‘প্রধান কোচ হিসেবে পোলার্ড নতুন দায়িত্ব গ্রহণ করায় আমরা আনন্দিত। মুম্বাইয়ের জার্সি পরার অর্থ কি এবং এই দলের হয়ে খেলতে কি করতে হয়, এসবই জানে সে। আমি নিশ্চিত, কোচের ভূমিকাতেও নিজের নিষ্ঠা, বিশ্বাস এবং দৃঢ় সংকল্প বজায় রাখবে সে। দলকে পরের ধাপে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তার সাফল্য কামনা করছি।’
No Comment Yet