নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলাকে আর্থিক সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ১৫ মে ২০২৬ সময়: ২১:১৮:০৯
ঢাকা, ১৫ মে ২০২৬ (বাসস) : চাঁপাইনবাবগঞ্জের কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও উদীয়মান কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।
সম্প্রতি প্রতিভা অন্বেষণের কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর কাবাডি ইভেন্টের বাছাই প্রতিযোগিতা চলাকালীন সময়ে পেটে গুরুতর আঘাত পেয়ে আহত হয় মিথিলা। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনা জানার পর আমিনুল হক তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে খোঁজখবর নেন। আজ দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে মিথিলা তার মাকে নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে, চিকিৎসাধীন মিথিলার সাথে কথা বলেন তিনি। এ সময় মিথিলাকে দ্রুত সুস্থ হয়ে আবারও খেলায় ফেরার সাহস যোগান ও একই সাথে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের তৃণমূল পর্যায়ের সকল ক্রীড়াবিদের পাশে আছে এবং ভবিষ্যতে মিথিলার যেকোনো প্রয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাশে থাকবে।
No Comment Yet