বাংলাদেশের ক্রিকেট নিয়ে মঈন আলির বিস্ফোরক মন্তব্য!
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ সময়: ০৫:৫৭:১৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। সিলেট টাইটান্সের জার্সিতে মাঠ মাতানো এই তারকা শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান ও অতীত প্রজন্মের সক্ষমতা নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেন। মঈনের মতে, বর্তমান দলে প্রতিভাবান ক্রিকেটারের আধিক্য থাকলেও সাকিব-তামিমদের মতো বিশ্বমানের 'চরিত্র' ও 'মানসিক শক্তির' ঘাটতি রয়েছে।
সাকিব আল হাসান ও তামিম ইকবালের দীর্ঘ ক্যারিয়ারের কথা স্মরণ করে মঈন আলি বলেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য এই দুই কিংবদন্তিকে একসাথে পাওয়া ছিল এক বিশাল সৌভাগ্য। তারা কেবল বিশ্বমানের খেলোয়াড়ই ছিলেন না, বরং তারা ছিলেন মাঠের প্রকৃত যোদ্ধা। মঈনের ভাষায়, "সাকিব ও তামিমের মতো খেলোয়াড়দের ক্যারেক্টার ছিল অসাধারণ। তারা মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিল এবং যেকোনো পরিস্থিতিতে লড়াই করতে জানত।"
বর্তমান বাংলাদেশ দল প্রসঙ্গে মঈন কিছুটা ভিন্নমত পোষণ করেন। তিনি মনে করেন, এখনকার দলে গড়ে ভালো মানের খেলোয়াড় আগের চেয়ে অনেক বেশি আছে, কিন্তু কেউ সেই শীর্ষ স্তরে পৌঁছাতে পারছে না। তিনি বলেন, "এখন একটা নির্দিষ্ট লেভেলে অনেক ভালো খেলোয়াড় আছে ঠিকই, কিন্তু সেই বিশ্বমানের প্রভাব তৈরি করার মতো কাউকে এই মুহূর্তে দেখছি না। এখানেই মূল সমস্যা।"
বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking
তবে বর্তমান দলের পেসার মুস্তাফিজুর রহমানকে এখনো বিশ্বমানের হিসেবেই গণ্য করেন মঈন আলি। তিনি উল্লেখ করেন, "অবশ্যই ফিজ বিশ্বমানের, সে আগেও ছিল এখনো আছে।" তবে দলের সামগ্রিক উন্নতির পথে মানসিক দৃঢ়তাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই ইংলিশ তারকা। মঈন আলির মতে, বাংলাদেশ ক্রিকেট প্রযুক্তিগতভাবে উন্নতি করলেও খেলোয়াড়দের ক্যারেক্টার ও মানসিক শক্তির জায়গায় আগের প্রজন্মের তুলনায় কিছুটা পিছিয়ে আছে।
No Comment Yet