ভেনিজুয়েলার তেল খাতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ চান ট্রাম্প
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ সময়: ১১:৫২:৫০
ভেনিজুয়েলার জ্বালানি তেল খাতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে শীতল প্রতিক্রিয়া পেয়েছেন। এমনকি একজন কর্মকর্তা সতর্ক করে জানিয়েছেন, দেশটি বর্তমানে বিনিয়োগের অযোগ্য। কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকি-ধমকির পর গত ৩ জানুয়ারি লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। খবর সিএনএনের।
মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মাদক-সন্ত্রাসের অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে। এদিকে ট্রাম্প জানান, এখন থেকে ভেনিজুয়েলা আমেরিকাই চালাবে। সেখানকার তেলভা-ারের ওপরও নিজেদের কর্তৃত্ব ঘোষণা করেন তিনি। ভেনিজুয়েলা নিয়ে ট্রাম্প প্রশাসন এখন নানা পরিকল্পনা সাজাচ্ছে। ট্রাম্প বলেছেন, তার দেশ ভেনিজুয়েলার ওপর কয়েক বছর নিয়ন্ত্রণ বজায় রাখবে। এদিকে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন যাকে সমর্থন জানিয়েছেন ট্রাম্প।
তবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রদ্রিগেজ যতক্ষণ পর্যন্ত ওয়াশিংটনকে তার দেশের তেলের নিয়ন্ত্রণে সহায়তা করবেন, ততক্ষণ পর্যন্ত তাকে দেশ শাসন করতে দেবেন। ভেনিজুয়েলায় হামলা ও মাদুরোর অপহরণের পর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে শনিবার হোয়াইট হাউসে শীর্ষস্থানীয় মার্কিন তেল কোম্পানিগুলোর নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। আলোচনায় এক্সন, শেভরন ও কনোকোফিলিপসের মতো কোম্পানির প্রধানরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ট্রাম্প বলেন, মার্কিন কোম্পানিগুলোর সামনে এখন ভেনিজুয়েলার জরাজীর্ণ জ্বালানি অবকাঠামো নতুন করে গড়ার সুযোগ এসেছে, যা দেশটিতে তেলের উৎপাদনকে নজিরবিহীন উচ্চতায় নিয়ে যাবে। তিনি আরও বলেন, ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন নেতৃত্বের সঙ্গে একটি চুক্তি হয়েছে, যার আওতায় তারা ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল মার্কিন শোধনাগারগুলোতে সরবরাহ করবে যা আমেরিকার বাজারে জ্বালানির দাম কমাতে বড় ভূমিকা রাখবে।
তবে ট্রাম্পের এই বিনিয়োগের আহ্বানে উপস্থিত তেল কোম্পানিগুলোর কর্মকর্তাদের মধ্যে দ্বিধা লক্ষ্য করা গেছে। এক্সন মবিলের প্রধান নির্বাহী ড্যারেন উডস ট্রাম্পের মুখের ওপরই বলে দেন, ভেনিজুয়েলা এখন বিনিয়োগের অনুপযোগী। অতীতে দেশটিতে সম্পদ বাজেয়াপ্ত হওয়া এবং চলমান রাজনৈতিক অস্থিরতাকেই এর প্রধান কারণ হিসেবে দেখছেন তিনি। বর্তমানে ভেনিজুয়েলায় সচল থাকা একমাত্র মার্কিন বড় কোম্পানি শেভরন কিছুটা আগ্রহ দেখালেও কনোকোফিলিপসসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো আর্থিক ঝুঁকির কারণে বড় বিনিয়োগের ক্ষেত্রে এখনো দ্বিধাগ্রস্ত।
তবে কিছু ছোট স্বতন্ত্র কোম্পানি এবং প্রাইভেট ইক্যুইটি সংস্থা ট্রাম্পের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে এবং তারা মার্কিন লাইসেন্সের অধীনে ভেনিজুয়েলার তেল বাজারজাত করতে ইচ্ছুক। বড় কোম্পানিগুলোর সংশয় কাটাতে প্রেসিডেন্ট ট্রাম্প আশ্বাস দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় তাদের বিনিয়োগের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করবে। ট্রাম্পের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছেন, ভেনিজুয়েলার বড় তেল প্রকল্পগুলোতে অর্থায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক।
বিজ্ঞাপন
Shwapno Super Shop
সত্তরের দশকে ভেনিজুয়েলা দিনে ৩৫ লাখ ব্যারেল তেল উৎপাদন করলেও কয়েক দশকের অব্যবস্থাপনায় বর্তমানে তা বৈশ্বিক সরবরাহের মাত্র এক শতাংশে নেমে এসেছে। তবে বিশ্বের বৃহত্তম তেলের মজুত দেশটিতে থাকায় এটি বিদেশি বিনিয়োগকারীদের জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি একটি বিশাল সুযোগ হিসেবেও দেখা হচ্ছে।
এদিকে ভেনিজুয়েলার ওপর দ্বিতীয় আক্রমণ বাতিল করে দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে আশঙ্কা করা হয়েছিল, তিনি দ্বিতীয়বারের মতো কারাকাসে হামলা চালাতে পারেন। ট্রাম্প জানিয়েছেন, ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করায় তিনি ফের সেখানে হামলা চালানোর নির্দেশ বাতিল করেছেন। এর আগে গত সপ্তাহে ভেনিজুয়েলায় নাটকীয় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসে মার্কিন বাহিনী। ভেনিজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের সঙ্গে মার্কিন হেফাজতে রয়েছেন।
সেই সামরিক অভিযানের কিছুক্ষণ পরেই, ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, প্রয়োজন হলে আমরা দ্বিতীয় এবং আরও বড় আক্রমণ পরিচালনা করতে প্রস্তুত। আমরা আসলে ধরেই নিয়েছিলাম যে দ্বিতীয় হামলার প্রয়োজন হবে, কিন্তু এখন সম্ভবত তা নয়। কিন্তু শনিবার ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এবং ভেনিজুয়েলা একসঙ্গে ভালোভাবে কাজ করছে। বিশেষ করে এটি তাদের তেল ও গ্যাস অবকাঠামোকে আরও বৃহত্তর, উন্নত এবং আধুনিক আকারে পুনর্নির্মাণের ক্ষেত্রে। এই সহযোগিতার কারণে আমি পূর্বে প্রত্যাশিত দ্বিতীয় আক্রমণের সম্ভাবনা বাতিল করেছি, যা দেখে মনে হচ্ছে এর প্রয়োজন হবে না। তবে সুরক্ষার উদ্দেশ্যে সমস্ত জাহাজ যথাস্থানে থাকবে।
No Comment Yet