গাড়িচাপায় দুই পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি

অস্ট্রেলিয়ার নারী সংসদ সদস্য হেলেন হেইনস গাড়িচাপায় গুরুতর আহত হয়ে দুই পা হারিয়েছেন। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গাড়িচাপা দেওয়া হয়েছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তাঁর স্বামী ফিল হেইনস এ তথ্য নিশ্চিত করেছেন।

ফিল হেইনস জানান, ভয়াবহ এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হলেও মানসিকভাবে দৃঢ় রয়েছেন। তিনি বলেন, ‘সবকিছুর মধ্যে সবচেয়ে স্বস্তির খবর হলো, সে বেঁচে আছে।

মেলবোর্ন থেকে প্রায় ২৪০ কিলোমিটার উত্তর-পূর্বে ওয়ানগারাটা শহরে নিজের নির্বাচনী কার্যালয়ের বাইরে হেলেনকে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠেছে ৪৩ বছর বয়সী ব্রেন্ডান নুজেন্টের বিরুদ্ধে। টয়োটা ল্যান্ডক্রুজার দিয়ে তাঁকে ধাক্কা দেওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

বুধবার প্রথমবারের মতো স্থানীয় আদালতে হাজির হন নুজেন্ট। তাঁর বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা এবং কেন্দ্রীয় সরকারের একজন কর্মকর্তাকে আঘাত করার তিনটি অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ আরও অভিযোগ আনা হতে পারে।

মেলবোর্নের হাসপাতালে চিকিৎসাধীন হেলেনের শারীরিক অবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে তাঁর স্বামী বলেন, সুস্থ হয়ে ওঠার পথ দীর্ঘ ও কঠিন হবে। তবে হেলেন একজন লড়াকু মানুষ। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি সুস্থ হয়ে ওঠার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশা প্রকাশ করেন ফিল।


হেলেনের চিকিৎসায় নিয়োজিত হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানান তাঁর স্বামী। পাশাপাশি অস্ট্রেলিয়া ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা তাঁর স্ত্রীর জন্য উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। হেলেনের প্রতি সমর্থন জানাতে ইচ্ছুক ব্যক্তিদের শিশু অধিকারবিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেনের তহবিলে অনুদান দেওয়ার আহ্বান জানান ফিল।

বিজ্ঞাপন

Shwapno Super Shop

অভিযুক্ত নুজেন্ট কাছের ট্যারাউইঙ্গি শহরের বাসিন্দা এবং পরিবেশকর্মী হিসেবে পরিচিত। আদালতে তিনি জামিনের আবেদন করেননি। আগামী ফেব্রুয়ারিতে তাঁকে আবার আদালতে হাজির হতে হবে। আদালতের নথিতে গাঁজা চাষ ও নিজের কাছে রাখার অভিযোগও রয়েছে।

আদালতে নুজেন্টের আইনজীবী তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কথা জানান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। আদালতকে জানানো হয়, নুজেন্ট ইডিওপ্যাথিক ট্রান্সভার্স মায়েলাইটিস নামের বিরল স্নায়বিক রোগে আক্রান্ত। এ রোগে মেরুদণ্ডে প্রদাহ হয়।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশের সহযোগিতায় ঘটনার তদন্ত চলছে। তবে হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।


ভিক্টোরিয়া পুলিশের কমিশনার মাইক বুশ বলেন, অভিযোগ অনুযায়ী, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা। এর পেছনে অভিযুক্তের উদ্দেশ্য কী ছিল, তা তদন্তের অন্যতম প্রধান বিষয়। ঘটনার প্রতিটি দিক, সম্ভাব্য কারণ ও সূত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য আদালতে উপস্থাপন করা হবে।

0%
0%
No Comment Yet