শিক্ষকতা জীবন থেকে অবসর নিলেন সাতক্ষীরার বিশিষ্ট শিক্ষাবিদ ফজলুল

সাতক্ষীরার কৃতী সন্তান ও প্রথিতযশা শিক্ষাবিদ এস. এম. ফজলুল হক শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহণ করেছেন। তিনি ২০২৬ সালের ১১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শিক্ষকতা পেশার ইতি টানেন।

অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাটুনিয়া রাজবাড়ী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

এস. এম. ফজলুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বি.এ (অনার্স) ও এম.এস.এস. ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষা শেষে ১৯৯৫ সালে তিনি কাটুনিয়া রাজবাড়ী কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবনে যোগ দেন। দীর্ঘ প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তবমুখী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখেন।

একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি ছিলেন শৃঙ্খলাবান, ছাত্রবান্ধব ও পরিশ্রমী। রাষ্ট্রবিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন ছিল তার পাঠদানের অন্যতম বৈশিষ্ট্য। পাঠদানের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেন। সহকর্মীদের কাছেও তিনি ছিলেন একজন অভিভাবকসুলভ ও পরামর্শদাতা শিক্ষক।

তার অবসর গ্রহণে কাটুনিয়া রাজবাড়ী কলেজসহ সাতক্ষীরা জেলার শিক্ষা অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হয়েছে। তবে অবসর জীবনেও তিনি শিক্ষা, গবেষণা ও সমাজ উন্নয়নে সম্পৃক্ত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন শুভানুধ্যায়ীরা।

বিজ্ঞাপন

Anjara World Shop

এস. এম. ফজলুল হকের পৈতৃক নিবাস সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর গ্রামে। ব্যক্তিজীবনে তিনি বিনয়ী, সৎ ও সমাজসচেতন মানুষ হিসেবে পরিচিত।

অবসর উপলক্ষে তাকে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় সাংবাদিক এবিএম কাইয়ুম রাজ তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে একটি বই উপহার দেন। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

0%
0%
No Comment Yet