অন্যায়-নির্যাতন সহ্য করেও আপনাদের ছেড়ে যাননি মির্জা ফখরুল- দাবী মিসেস ফখরুলের
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ সময়: ০৬:১৫:১২
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পক্ষে ভোটের মাঠে সক্রিয়ভাবে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন মিসেস ফখরুল রাহাত আরা বেগম।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন রাহাত আরা বেগম। এ সময় তিনি তার স্বামীর জন্য দোয়া এবং নির্বাচনে সমর্থন কামনা করেন।
এবারের নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও শুরা সদস্য দেলাওয়ার হোসেন এবং ইসলামি আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। হেভিওয়েট প্রার্থীদের অংশগ্রহণে ভোটের মাঠ ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে।
শুধু পৌর এলাকাতেই নয়, প্রতিদিন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন রাহাত আরা বেগম। দলীয় সূত্র জানায়, স্থানীয় ভোটারদের কাছ থেকে তিনি ইতিবাচক সাড়াও পাচ্ছেন।
মতবিনিময় সভায় রাহাত আরা বেগম বলেন, মির্জা ফখরুল আপনাদেরই মানুষ। তিনি সবসময় ঠাকুরগাঁওয়ের মানুষের পাশে ছিলেন। দেশের জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার উপর বহু অন্যায় ও নির্যাতন হয়েছে তবুও তিনি আপনাদের ছেড়ে যাননি।
বিজ্ঞাপন
Anjara World Shop
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আপনাদের ভোটে অংশ নিচ্ছেন। অতীতের মতো এবারও আপনারা ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়িয়ে বিজয় নিশ্চিত করবেন এটাই আমার প্রত্যাশা।
এ সময় জেলা মহিলা দলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার প্যারিসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি ২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৬২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫৩ জন, নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫৭২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৪ জন। এ আসনটিতে ১৮৫টি কেন্দ্রে ৯৮৯টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
No Comment Yet