পিকআপ চাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ সময়: ২২:০৪:২১
নোয়াখালীর মাইজদীতে পিকআপ চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পিকআপটি আটক করতে পারলেও পালিয়ে যায় চালক।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের অমেশ কুমারের ছেলে অভি দেবনাথ (২৪) ও কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২৮)।
শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মোটরসাইকেল আরোহী হৃদয় চন্দ্র শীল। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঘটনাস্থলেই অন্য আরোহী অভি দেবনাথের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুরের উদ্দেশ্যে রওনা করেন দুই মোটরসাইকেল আরোহী। তাদের মোটরসাইকেলটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে পৌঁছালে ফোর লেন সড়কের টার্নিং দিয়ে ইউটার্ন নেওয়ার সময় একটি মুরগিবাহী পিকআপ সামনে থাকা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান অভি দেবনাথ। পরে স্থানীয় লোকজন হৃদয়কে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পিকআপ চালক পলাতক রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No Comment Yet