নিষেধাজ্ঞার পর লক্ষ্মীপুরে মেঘনায় মাছ ধরা শুরু
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ০১ মে ২০২৬ সময়: ১১:৫২:৫৬
লক্ষ্মীপুর, ১ মে, ২০২৬ (বাসস) : নিষেধাজ্ঞার ২ মাস পর লক্ষ্মীপুরের মেঘনায় মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন ৫২হাজার জেলে। গতকাল বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুরু হয় মাছ শিকার। তবে শুক্রবার সকাল থেকে ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে জমজমাট হয়ে উঠেছে মাছ ঘাটগুলোতে। তবে কাঙ্গিত মাছ পাওয়া যাচ্ছেনা বলে বলে জানান জেলেরা। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৭/১৮শ’ টাকায়। এছাড়া প্রকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১৫শ’ টাকা পর্যন্ত। মজু চৌধুরী হাট ঘাট,মতিরহাট, লুধুয়া, চেয়ারম্যান ঘাট ও চর আলেকজান্ডারসহ কয়েকটি ঘাট থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জেলেরা জানান, দীর্ঘদিন পর মাছ শিকারে নামছেন। রাত-দিন ব্যস্ত সময় পার করছেন তারা। তবে তুলনামূলক জালে ইলিশ ধরা পড়ছে কম। যেভাবে পাওয়ার কথা, কিন্তু সেভাবে পাওয়া যাচ্ছেনা। দীর্ঘদিন পর নদীতে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছি। আশা করি সামনে মাছ পাবো। পাশাপাশি এবারের অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন বাড়বে।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, এই জেলায় ৫২ হাজার নিবন্ধিত জেলে রয়েছে। এসব জেলে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল ২ মাস লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১শ’ কিলোমিটার পর্যন্ত নদীতে সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরন ও মজুতকরন নিষিদ্ধ ছিল। ২ মাসের নিষেধাজ্ঞা উঠে যাবার পর নদীতে নামছে জেলেরা।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet