দেশে নতুন পাটের বীজ উদ্ভাবনে গবেষণা চলছে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ১৩ জুলাই ২০২৬ সময়: ০০:৩২:৫৬
কিশোরগঞ্জ, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে এবং বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমাতে দেশেই নতুন পাটের বীজ উদ্ভাবনে গবেষণা চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। একই সঙ্গে পাটভিত্তিক শিল্পে কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে কাঁচা পাট রপ্তানিকে আনুষ্ঠানিকভাবে নিরুৎসাহিত করা হচ্ছে বলেও জানান তিনি।
আজ রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা সভায় অংশ নেওয়ার পর অসহায় ও দুস্থ নারীদের মাঝে আর্থিক সহায়তার চেক ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শরীফুল আলম বলেন, বিদেশ থেকে পাটের বীজ আমদানির প্রয়োজনীয়তা কমিয়ে দেশীয়ভাবে উন্নতমানের বীজ উৎপাদনের লক্ষ্যে গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে পাট খাতে স্বনির্ভরতা অর্জন সম্ভব হবে।
বিজ্ঞাপন
Anjara World Shop
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের পাটভিত্তিক শিল্পে কাঁচামালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কাঁচা পাট রপ্তানিকে আনুষ্ঠানিকভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি গত বছরের মতো এবারও কৃষকরা তাদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্য পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া ১৮ জন অসহায় ও দুস্থ নারীর হাতে মোট ১০ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এছাড়া আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে আরও পাঁচজন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
No Comment Yet