প্রার্থিতা প্রত্যাহার নয়, ভোটের মাঠেই থাকার ঘোষণা হাসান মামুনের, জোট প্রার্থীর জন্য বাড়ছে চ্যালেঞ্জ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ সময়: ০৬:১৭:১২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হলেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি। ভোটগ্রহণের দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে হাসান মামুন বলেন, এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা ও চাপ উপেক্ষা করে নির্বাচন থেকে সরে আসার কোনো সুযোগ নেই।
এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তবে জনপ্রিয় নেতা হাসান মামুন প্রার্থিতা প্রত্যাহার না করায় নির্বাচনী সমীকরণ জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা। তাদের মতে, এতে জোট প্রার্থীর সামনে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে নুরুল হক নুর এলাকায় পরিচিতি পেলেও দীর্ঘদিন ধরে বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে চলেছেন হাসান মামুন। জোটের প্রার্থী ঘোষণার পর দশমিনা ও গলাচিপা উপজেলার বিএনপির মূলধারার বিপুলসংখ্যক নেতাকর্মী প্রকাশ্যেই হাসান মামুনের পক্ষে মাঠে নেমেছেন।
দুই উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলেও সংশ্লিষ্ট নেতাকর্মীরা তাদের অবস্থান পরিবর্তনে অনড় রয়েছেন বলেও জানা গেছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
এদিকে, গত বৃহস্পতিবার দশমিনায় দেওয়া এক বক্তব্যে নুরুল হক নুর বলেন, তিনি কোনো প্রার্থীকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না।
নিজের অবস্থান ব্যাখ্যা করে হাসান মামুন বলেন, আমি প্রার্থিতা প্রত্যাহার করিনি এবং করবোও না। জনগণের ভালোবাসা ও প্রত্যাশাই আমাকে ভোটের মাঠে থাকতে বাধ্য করেছে। ভোটগ্রহণ পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ, মানুষ জালিম ও জুলুমের রাজনীতি প্রত্যাখ্যান করে একটি নিরাপদ ও উন্নত দশমিনা-গলাচিপা গড়ার লক্ষ্যে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।
উল্লেখ্য, নুরুল হক নুরের প্রতি অসহযোগিতার অভিযোগে গত ১৭ জানুয়ারি পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
No Comment Yet