কার নির্দেশে লক্ষ্মীপুরে ভুয়া সিল তৈরি হয়েছে, তা খুঁজে বের করতে হবে- শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি 

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “কার নির্দেশে লক্ষ্মীপুরে ভুয়া সিল তৈরি হয়েছে, তা খুঁজে বের করতে হবে। এই ছয়টি সিলের বাইরে আর কোনও ভুয়া সিল তৈরি হয়নি, তার নিশ্চয়তা কোথায়?”এমন প্রশ্ন তুলেন লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের এই প্রার্থী। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের গোডাউন রোডে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ভোটের এসব সিল উদ্ধারের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে সুপরিকল্পিত ষড়যন্ত্র ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের গভীর চক্রান্ত রয়েছে। একটি প্রিন্টিং প্রতিষ্ঠান থেকে সিল ও কম্পিউটার জব্দ হলেও এই চক্রের মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তিনি জোর দেন, কার ইন্ধনে এবং কার নির্দেশনায় ভুয়া সিল তৈরি হয়েছে, তা উদঘাটন করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রশাসনকে এ বিষয়ে আরও বেশি সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে। শুধু একটি স্থানেই নয়, লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় কোথায় কোথায় এমন জালিয়াতি হচ্ছে, তা খুঁজে বের করতে হবে। ভুয়া সিলের পাশাপাশি নকল ব্যালট পেপার তৈরি বা সরবরাহ হচ্ছে কিনা, সে বিষয়েও কঠোর নজরদারি প্রয়োজন। প্রতিটি ভোটকেন্দ্রে যেন জাল ভোট দেওয়ার কোনো সুযোগ না থাকে, তা নিশ্চিত করতে কার্যকর ও বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে পরিকল্পিতভাবে ভোটাধিকার হরণ করা হচ্ছে। সহিংসতা, ভয়ভীতি, প্রশাসনিক প্রভাব এবং নির্বাচন ব্যবস্থায় অনিয়মের মাধ্যমে একতরফা নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক দল ক্ষমতা ধরে রাখার জন্য জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

তিনি আরও বলেন, ভোটারদের আইডি কার্ড সংগ্রহ, নগদ অর্থ বিতরণ এবং বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে ভোট প্রভাবিত করার ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা, মামলা ও হয়রানি অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় পোস্টার ছেঁড়া, নির্বাচনী প্রচারে বাধা প্রদান এবং সহিংস ঘটনার মাধ্যমে পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে। এসব কারণে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

প্রেস কনফারেন্সে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান, নির্বাচন কমিটির প্রধান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

0%
0%
No Comment Yet