স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আব্দুল্লাহ

মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি হতে হবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনদের।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

পোস্টে হাসনাত প্রশ্ন তোলেন, একজন প্রতিমন্ত্রী হয়েও কেন ইশরাক হোসেনকে নিজেই অস্ত্র হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে রাস্তায় নামতে হলো। এ বিষয়ে সরকারের কাছে জবাবদিহি চাওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

হাসনাত বলেন, মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। এসব প্রতিষ্ঠান যথাযথভাবে দায়িত্ব পালন করলে একজন প্রতিমন্ত্রীকে কেন সরাসরি মাঠে নামতে হবে, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

তিনি আরও প্রশ্ন করেন, এ পরিস্থিতির দায় কি শুধু ইশরাক হোসেনের, নাকি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতারও দায় রয়েছে? মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরও সেই ব্যর্থতার দায় বর্তায় বলে মন্তব্য করেন তিনি।

একজন প্রতিমন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেওয়াকেই যদি সমস্যার সমাধান হিসেবে বিবেচনা করা হয়, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি কীভাবে নিশ্চিত হবে—এমন প্রশ্নও তোলেন এনসিপির এই নেতা।

ফেসবুক পোস্টে হাসপাতালের পরিচ্ছন্নতা তদারকিতে প্রধানমন্ত্রীর সরাসরি ভূমিকার প্রসঙ্গও তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান নিশ্চিত করার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ এবং তদারকি ব্যবস্থা রয়েছে। এসব ব্যবস্থা যথাযথভাবে কাজ করলে প্রধানমন্ত্রীকে সরাসরি হাসপাতালে গিয়ে পরিচ্ছন্নতা পরিদর্শন করতে হতো কি না, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

হাসনাতের মতে, বিষয়টি শুধু হাসপাতালের পরিচ্ছন্নতা কিংবা মাদক নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কতটা কার্যকরভাবে কাজ করছে, সেটিই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে নিজে তদারকি করতে হলে কিংবা প্রতিমন্ত্রীকে মাদক নিয়ন্ত্রণে সরাসরি রাস্তায় নামতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবেই।

জনগণ রাস্তায় নামলে সরকার কী করবে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন করেন, এভাবে চলতে থাকলে একপর্যায়ে জনগণ পরিস্থিতির প্রতিবাদে রাস্তায় নেমে এলে সরকার কী করবে? তখন কাকে পদত্যাগ করিয়ে দায় এড়ানোর চেষ্টা করা হবে?

তিনি বলেন, কোনো ব্যক্তিকে সরিয়ে দিয়ে সাময়িকভাবে সংকট সামাল দেওয়া সম্ভব হলেও তাতে প্রাতিষ্ঠানিক ব্যর্থতার স্থায়ী সমাধান হয় না। রাষ্ট্রকে কার্যকর করতে হলে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিশ্চিত করা, ব্যর্থতার কারণ অনুসন্ধান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।

পোস্টের শেষাংশে হাসনাত আবদুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে লেখেন, ঘের দখল, দুর্নীতি ও ঘুষের মামলায় সাজাপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি হতে হবে ইশরাক হোসেনদের। এটি তাঁর ফেসবুক পোস্টে করা অভিযোগ ও রাজনৈতিক মন্তব্য।

0%
0%
No Comment Yet