কিশোরীকে ধর্ষণের মামলায় কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ সময়: ২২:০০:১৩
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের মামলায় বাড়ির কেয়ারটেকার সাঈদ মোল্লার (৫৫) আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।
ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আজ বুধবার এ রায় ঘোষণা করেন।
রায়ে দণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামির স্থাবর/অস্থাবর সম্পদ বিক্রি করে ভিকটিমকে অর্থদণ্ডের এক লাখ টাকা আদায় করে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. এরশাদ আলম (জর্জ) বলেন, ‘রায়ের সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।’
দণ্ডিত আবু সাঈদ খুলনার দিঘলীয়া থানার চন্দনীমহল গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে।
বিজ্ঞাপন
Anjara World Shop
মামলার বিবরণী থেকে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ছোট মসজিদ পারে পরিবার নিয়ে ভাড়া থাকতো ওই কিশোরী। সাঈদ মোল্লা ওই বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তিনি প্রায় ভিকটিমকে কুপ্রস্তাব দিতেন। ২০২১ সালের ২ আগস্ট দুপুর ২টার দিকে সে তার ভাইকে খুঁজতে বাসা থেকে নিচে নামে। আসামি কৌশলে তাকে ছাদে নিয়ে ধর্ষণ করে।
ওই বছর ২৩ সেপ্টেম্বর ভয়-ভীতি দেখিয়ে তাকে আবারও ধর্ষণ করে। পরে সে বিষয়টি তার পরিবারকে জানায়। পরদিন তার মা থানায় মামলা করেন।
পরের বছর ৩১ আগস্ট মামলাটি তদন্ত করে সাঈদ মোল্লাকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আলী জিন্নাহ। ট্রাইব্যুনাল আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে। বিচার চলাকালে আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
No Comment Yet