ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল ২ বাইক আরোহীর
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ সময়: ২২:২৫:১৭
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরুলিয়া এলাকায় মোটরসাইকেল ও ডাম্পার ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিসান, আরফাত ও সানি নামে তিন যুবক একটি মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। সামনে থাকা একটি টমটমকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিসান ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সানির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য শরিফ উদ্দিন জানান, নিহত আরাফাত দরগাহ স্টেশন এলাকার বাসিন্দা। আর রিসান ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল ৬ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে। একই এলাকার নুরুল আলমের ছেলে সানি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বলেন, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
No Comment Yet