৫ আগস্ট সারা দেশের মানুষ ঢাকায় আসতে থাকে বলে জবানবন্দিতে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, তাঁরা শাহবাগে অবস্থান গ্রহণের চেষ্টা করেন। শহীদ মিনার ও চানখাঁরপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। সেনাবাহিনী একপর্যায়ে রাস্তা ছেড়ে দিলে তাঁরা শাহবাগে অবস্থান গ্রহণ করেন। কিছুক্ষণের মধ্যে শাহবাগ জনসমুদ্রে পরিণত হয়। তাঁরা শুনতে পান, ঢাকার প্রবেশমুখ যেমন যাত্রাবাড়ী, উত্তরা, গাজীপুর, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকা দিয়ে লাখ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করছে। শাহবাগ থেকে মিছিল নিয়ে তাঁরা গণভবনে উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সংবাদ পান, গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন। আরও শুনতে পান, ছাত্র-জনতা গণভবনে প্রবেশ করেছে। সেদিন সন্ধ্যায় তাঁরা সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন এবং সব বন্দির মুক্তির দাবি জানান। তাঁরা কোনো ধরনের সেনাশাসন বা সেনাসমর্থিত শাসন মেনে নেবেন না বলেও ঘোষণা দেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
৫ আগস্ট ঢাকাসহ সারা দেশে ব্যাপক হত্যাকাণ্ড ও নির্যাতনের সংবাদ পান বলে জবানবন্দিতে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এসব ঘটনার জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের এবং যাঁরা গণহত্যা ও নির্যাতন অংশগ্রহণ করেছেন, তাঁদের দায়ী করছেন তিনি।
No Comment Yet