দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : ইকবাল হাসান মাহমুদ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ সময়: ১৯:৫৯:১১
সংসদ ভবন, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশের জ্বালানি পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। বিদ্যুতের লোডশেডিংও অনেক কমেছে।
আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, কিছুদিন আগেও পেট্রোল ও বিদ্যুৎ নিয়ে জনমনে উদ্বেগ ছিল। বিরোধী দলের সদস্যরাও এ নিয়ে কথা বলেছিলেন। কিন্তু, আল্লাহর রহমতে এখন আর পেট্রোলের লাইন নেই, বিদ্যুতের লোডশেডিংও অনেক কমে গেছে। আমরা সরকারি ও বিরোধী দল মিলে কমিটি করেছি, দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা নিরলস কাজ করছি।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন তলাবিহীন ঝুড়ির দেশটাকে উন্নয়নের মডেলে পরিণত করেছিলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেও আমরা এই দেশটাকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। তারেক রহমান যা বলেন, তা-ই করেন।
বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়ে ৯ বছরের সাজা মাথায় নিয়ে দেশ ছাড়লেও ‘ফ্যাসিস্ট’ শেখ হাসিনার জেলে যেতে হয়নি বলে স্বস্তি প্রকাশ করেছেন ইকবাল হাসান মাহমুদ।
তিনি বলেন, বলেছিলাম হাসিনার জেলে যাব না, আল্লাহ কবুল করেছেন। আমি জেলে যাইনি, হাসিনাই দেশ ছেড়ে পালিয়ে গেছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
তিনি বলেন, হাইকোর্ট থেকে খালাস পাওয়ার পরও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা পুনরুজ্জীবিত করে আমাকে ৯ বছরের জেল দেওয়া হয়েছিল। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ওপর যে অমানবিক নির্যাতন হয়েছে, তার প্রতিবাদেই আমি আপসহীন ছিলাম।
তিনি আরো বলেন, পাকিস্তান আমল থেকে শুরু করে শিক্ষা কমিশন আন্দোলন, ৬৯-এর আন্দোলন এবং ৭১-এর গেরিলা যুদ্ধে অংশ নিয়েছি।
No Comment Yet