হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ০১ মে ২০২৬ সময়: ১১:৫৫:১৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু প্যানেল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুই মামলার একটিতে ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল জেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি আইভীকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে ২০২৫ সালের ৯ মে ভোরে নগরীর দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই পাঁচ মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান তিনি। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত ওই জামিন স্থগিত করে।
বিজ্ঞাপন
Anjara World Shop
পরবর্তীতে আরও পাঁচ মামলায় তাকে পূন: গ্রেপ্তার দেখানো হলে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সেসব মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ জামিনের বিরুদ্ধে আপিলে গেলে ৫ মার্চ চেম্বার আদালত তা স্থগিত করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
এদিকে মোট ১০ মামলায় জামিন পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইভী। গত ২৬ এপ্রিল রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন এবং নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দেন।
No Comment Yet