সংরক্ষিত আসনের এমপিরা জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: গয়েশ্বর চন্দ্র রায়
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ০৫ মে ২০২৬ সময়: ১৭:৫০:০০
ঢাকা, ৫ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সংরক্ষিত আসনের নারী এমপিরা শুধু নারীদের জন্য নয় বরং জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে।
তিনি আরো বলেন, শুধু নারীদের জন্য নয়, দেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের উত্তরণ এবং ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে জনআকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা পূরণে তাদের অবদান থাকবে।
আজ রাজধানীর শেরেবাংলা নগরে দলীয় প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা দলগতভাবে নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি এবং ভবিষ্যতে আরো বেশি নারী নেতৃত্ব তৈরি করব, যারা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন।
বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking
তিনি আরো বলেন, আজকের আগমনের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে আমাদের দলের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী দলের সিদ্ধান্ত অনুযায়ী শপথ গ্রহণ করেছেন। আমরা প্রত্যাশা করি নারীর মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি বর্তমান জাতীয় পরিস্থিতি তুলে ধরে বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই পরিস্থিতিতে আমাদের ৩১ দফা বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। তবে আমরা তা মোকাবিলায় প্রস্তুত।
নিপুণ রায় বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি, যেন তাদের আদর্শ ধারণ করে আমরা দেশপ্রেমের সঙ্গে আমাদের দায়িত্ব পালন করতে পারি।
তিনি আরো বলেন, আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে আমাদের ওপর আস্থা রেখেছেন। সেই আস্থার প্রতিদান দিতে পেরে আমি কৃতজ্ঞ। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও গণমানুষের অধিকার রক্ষায় এবং জাতীয়তাবাদের সৈনিক হিসেবে সংগ্রাম চালিয়ে যাব।
No Comment Yet