খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ১৫ মে ২০২৬ সময়: ২১:১৮:০৮
ঢাকা, ১৫ মে ২০২৬ (বাসস) : দেশের প্যারা স্পোর্টসের সার্বিক উন্নয়ন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় প্রস্তুতের মহৎ লক্ষ্য নিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘১ম প্যারা স্পোর্টস কার্নিভাল ২০২৬’।
ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য কার্নিভালে সারা দেশ থেকে ৫ শতাধিক প্যারা অ্যাথলেট ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, এশিয়ান প্যারা গেমসের মতো বড় মঞ্চে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, তার আবেদন পাওয়ামাত্রই তা পরিপূর্ণভাবে প্রদান করা হবে।
প্রতিমন্ত্রী জানান, ক্রীড়াঙ্গনের জন্য বরাদ্দ সবকিছু তিনি খেলোয়াড় ও সংগঠকদের কল্যাণে উজাড় করে দিতে চান। দেশের ক্রীড়াবিদ ও সংগঠকেরা ভালো থাকলে সরকার ও দেশ ভালো থাকবে বলে জানিয়ে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজের যাবতীয় অসংগতি ও বিশৃঙ্খলা দূর করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম বাংলাদেশ প্যারা গেমসের আয়োজক কমিটির চেয়ারম্যান, এনপিসি বাংলাদেশের সহ-সভাপতি ও বাংলাদেশ পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
জাপানের আইচি নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান প্যারা গেমস ২০২৬ সহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য সেরা খেলোয়াড় নির্বাচন করা এবং নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে তাদের আন্তর্জাতিক মানে উন্নীত করাই এই গেমসের মূল লক্ষ্য।
No Comment Yet