সিটি করপোরেশনের বেহাত হওয়া সব জমি উদ্ধার করা হবে: মসিক প্রশাসক
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ২০ মে ২০২৬ সময়: ২১:০৬:৩৪
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেছেন, সিটি করপোরেশনের অনেক জায়গা বেহাত হয়ে আছে। এসব জায়গা চিহ্নিত করার কাজ চলছে। সিটি করপোরেশনের সব জায়গা উদ্ধার করা হবে।
বুধবার (২০ মে) দুপুরে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার ৬০ দিনের কার্যক্রম তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ নগরীর জন্য যাদের অবদান ছিল এবং আছে তাদের স্মৃতি রক্ষার্থেও ভালো কিছু করে যেতে চান বলেও জানান তিনি।
মো. রুকুনোজ্জামান রোকন বিগত ৬০ কার্যদিবসে নগর উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং চলমান বিভিন্ন প্রকল্পের সার্বিক অগ্রগতি সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করেন। এ সময় নগর পরিকল্পনা, ট্রাফিক ব্যবস্থাপনা, ড্রেনেজ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও আধুনিক নগরায়ণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি।
সভায় উপস্থিত সাংবাদিকরা নগরবাসীর বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা তুলে ধরে একাধিক প্রশ্ন ও পরার্মশ প্রদান করেন। এ সময় সিটি প্রশাসক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং একটি পরিকল্পিত, আধুনিক ও নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে মসিকের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও জানান।
সিটি প্রশাসক বলেন, নগরীর কয়েকটি বস্তিতে মানুষ অমানবিক পরিবেশে বসবাস করেন। সেসব বস্তির মানুষের বাড়ির ঘরের চালা পলিথিন দিয়ে তৈরি। এই পলিথিন দিয়েই তারা বৃষ্টির পানি আটকায়। আসন্ন ঈদ উপলক্ষে তাদের ঘরের চালা তৈরির করার জন্য প্রথম ধাপে ৭শ পরিবারকে ঢেউ টিন দেওয়া হবে। পরবর্তীতে এ সংখ্যা আরও বাড়ানো হবে।
নগরীর যানজট নিয়ন্ত্রণে আনতে দুমাস সময় চেয়ে রুকুনোজ্জামান রোকন বলেন, নগরীর অটোরিকশা চলাচলের ক্ষেত্রে আগামি দুমাসের মধ্যে একটি নিয়মের মধ্যে আনা হবে। প্রয়োজনে চালকদের রক্ত পরীক্ষা করে এদের মাদক সংশ্লিষ্টতা পরীক্ষা করা হবে। নগরীর বস্তিবাসীদের উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ, যানজটমুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ে জোরালো কার্যক্রম চলছে, তা অব্যাহত থাকবে। তিনি একটি সুন্দর নগরীর জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
সাংবাদিকদের লেখার অবাধ স্বাধীনতা রয়েছে বলে উল্লেখ করে সিটি প্রশাসক বলেন, নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে মসিক আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে। সিএনজিচালিত অটোরিকসার চাঁদাবাজি বন্ধ, পাটগোদাম ব্রীজের মোড়ে যানজট নিরসন এবং ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি বলেন- আমরা নিজে বদলে গেলে, নগর বদলে যাবে; নগর বদলে গেলে, সমাজ বদলে যাবে। আসুন ময়মনসিংহকে সুন্দর বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলি। এজন্য তিনি নরগরবাসীর কল্যাণে প্রতিদিন নিয়মিত মাঠে থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন।
এ সময় প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, পরিবহণ শাখার প্রধান রাজীব উল আহসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক নিয়ামুল কবির সজল, হারুনুর রশিদ, এ এস এম হোসাইন শাহীদ, উবায়দুল হক, জাঙ্গাহীর কবির জুয়েলসহ ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
No Comment Yet