ফিলিপাইনে নির্মাণাধীন ভবন ধস, ১৯ জন আটকা পড়ার আশঙ্কা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ২৪ মে ২০২৬ সময়: ১৩:৪১:৫৫
ঢাকা, ২৪ মে, ২০২৬ (বাসস) : ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে একটি নির্মাণাধীন ভবন ধসে অন্তত ১৯ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত অ্যাঞ্জেলেস সিটির কর্মকর্তারা জানান, শনিবার স্থানীয় সময় রাত প্রায় ৩টার দিকে তারা খবর পান যে নির্মাণাধীন নয়তলা একটি কংক্রিটের ভবন ধসে পড়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
নগরীর তথ্য কর্মকর্তা জে পেলায়ো এএফপিকে জানান, ভবনটির দেয়াল ও নির্মাণকাজে ব্যবহৃত স্ক্যাফোল্ডিং বা মাচা ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকা পড়ে থাকতে পারেন।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে পেলায়ো বলেন, ‘ওই এলাকায় ১৯ জন কর্মী কাজ করতেন। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।’
বিজ্ঞাপন
Shwapno Super Shop
তিনি আরও বলেন, ‘ধ্বংসস্তূপে বড় বড় কংক্রিটের খণ্ড রয়েছে। সেগুলো সরাতে ভারী যন্ত্রপাতির প্রয়োজন হচ্ছে। উদ্ধারকাজে এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
নগর কর্তৃপক্ষের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপ থেকে ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ভবন ধসের ঘটনায় পাশের একটি আবাসিক হোটেল ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকেও আরও দুইজনকে উদ্ধার করা হয়।
পেলায়ো বলেন, ‘আমরা আশা করছি নিখোঁজ ১৯ জন হয়তো উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যেই রয়েছেন।’
No Comment Yet