কুমিল্লায় ১২৫ ছিনতাইকারী গ্রেফতার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ২৫ মে ২০২৬ সময়: ১৭:০০:৩৬
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। এ সময় বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের কেনাকাটা, ছিনতাই প্রতিরোধ, ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কুরবানির পশুর গাড়ির সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্ব, আধুনিক কর্মপরিকল্পনা ও পরোক্ষ দিক-নির্দেশনায় গত এক মাসে জেলা জুড়ে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ তৎপরতায় মোট ১২৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এককভাবে ৪৬ জন ছিনতাইকারী গ্রেফতারসহ বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে অপরাধ দমনে মূল ভূমিকা পালন করেছে।
জেলা পুলিশ জানায়, দীর্ঘ সীমান্ত এলাকা, গুরুত্বপূর্ণ মহাসড়ক ও নদীপথ বেষ্টিত হওয়ায় কুমিল্লায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক পাচারের মতো অপরাধের প্রবণতা দীর্ঘদিনের। বর্তমান পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধের ধরন ও মূল কারণগুলো চিহ্নিত করে তা দমনে আধুনিক ও অভিনব কৌশল অবলম্বন করেন। থানা পুলিশের কার্যক্রম যেমন শক্তিশালী করা হয়েছে, তেমনি জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) করা হয়েছে আরও বেশি কৌশলী ও গতিশীল।
ঈদের আগে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাইয়ের উপদ্রব রুখতে জেলা গোয়েন্দা শাখা ও শহর কেন্দ্রিক থানাগুলো বিশেষ অভিযানে নামে। পুরো অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অগ্রণী ভূমিকা পালন করে ৪৬ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করে। এছাড়াও কোতোয়ালি থানা ৩৮ জন, সদর দক্ষিণ থানা ২০ জন, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ১৭ জন এবং বুড়িচং থানা ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল এবং চোর চক্রের একাধিক সদস্যসহ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অপরাধ দমনের পাশাপাশি পবিত্র উৎসবের প্রাক্কালে মাদক চোরাচালান রোধে জেলা গোয়েন্দা শাখা ও সীমান্তবর্তী থানাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিবির বিশেষ কৌশলী অভিযানের ফলে সীমান্ত গলিয়ে আসা বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, স্কার্প ফেয়ারডিল, বিদেশি মদ এবং বিয়ার উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, মহাসড়কে পশুবাহী গাড়ি ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযান চলছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। অপরাধমুক্ত ও নিরাপদ কুমিল্লা গঠনে জেলা পুলিশ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছে।
No Comment Yet