শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ শিক্ষামন্ত্রীর
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ৩০ মে ২০২৬ সময়: ২২:২৮:২৫
চাঁদপুর, ৩০ মে, ২০২৬ (বাসস) : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের নৈতিক, মানবিক ও মূল্যবোধের বিকাশের দিকেও নজর দিতে হবে।
তিনি বলেন, শিক্ষকরা যদি শ্রেণিকক্ষে নিজেদের সন্তানের মতো করে প্রতিটি শিক্ষার্থীর প্রতি যত্নশীল হন এবং তাদের সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব পালন করেন, তবে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অনুত্তীর্ণ হবে না।
আজ শনিবার চাঁদপুরের কচুয়া উপজেলার খাজুরিয়া লক্ষ্মীপুর পীর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষার মান ও উন্নয়ন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক শিক্ষার্থীর পেছনে সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। একই সঙ্গে অভিভাবকরাও তাদের সন্তানদের লেখাপড়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেন। তাই কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হলে তা শুধু শিক্ষার্থী ও তার পরিবারের জন্যই নয়, বরং জাতির জন্যও দুঃখজনক।
বিজ্ঞাপন
Anjara World Shop
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠদান করালেই হবে না; তাদের মনোযোগ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার দিকেও বিশেষ নজর দিতে হবে। একজন শিক্ষকই পারেন একটি প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক শাহ আলম। সিনিয়র সহকারী শিক্ষক জহিরুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আইসিটি বিভাগের উপসচিব মো. মাহবুব আলম।
No Comment Yet