শীতের তীব্রতা নিয়ে আবহাওয়া অফিসের সুখবর!
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬ সময়: ০২:১৮:০৯
টানা দুই দিন রোদের দেখা মেলার পর আজ শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে রাজধানী ঢাকা ও দেশের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা নতুন করে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু এলাকা ছাড়া দেশের অধিকাংশ অঞ্চলে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করছে। তবে কুয়াশা বাড়লেও সারা দেশে শৈত্যপ্রবাহের বিস্তৃতি গত দিনের তুলনায় আজ কিছুটা কমেছে।
আবহাওয়াবিদদের মতে, শীতের মৌসুমে কুয়াশা থাকা স্বাভাবিক হলেও বর্তমানে পশ্চিমা লঘুচাপের অনুপস্থিতি এই ঘন কুয়াশার অন্যতম কারণ। সাধারণত লঘুচাপের প্রভাবে বৃষ্টি হলে এবং বাতাসের গতিবেগ বাড়লে কুয়াশা দ্রুত কেটে যায়। কিন্তু গত ডিসেম্বর থেকে বড় কোনো লঘুচাপ না থাকায় এবং বাতাসের গতি কম থাকায় কুয়াশা দীর্ঘস্থায়ী হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দেশের ১৬টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেলেও আজ তা কমে সাতটি জেলায় সীমাবদ্ধ রয়েছে। গত ডিসেম্বরের শেষ সপ্তাহজুড়ে থাকা ঘন কুয়াশা বুধবার কেটে গিয়ে রোদ উঠেছিল। কিন্তু দুই দিনের ব্যবধানে আজ আবার পরিস্থিতির পরিবর্তন হয়ে চারদিক কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে।
কুয়াশা ঘন হওয়ার পেছনে বায়ুদূষণও একটি বড় ভূমিকা রাখছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বাতাসের অতিক্ষুদ্র ধূলিকণা বা পিএম ২.৫-এর উপস্থিতির কারণে কুয়াশা ঘনীভূত হয়ে থাকে। আজ সকালেও ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল, যার সূচক ১৫৫ রেকর্ড করা হয়েছে। গতকাল রাতে এই দূষণের মাত্রা আরও বেশি ছিল।
বিজ্ঞাপন
Anjara World Shop
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমতে শুরু করবে। দেশের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে ইতিমধ্যে কুয়াশা কাটতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর আশা করছে, দুপুরের পর রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলেও রোদের দেখা মিলতে পারে।
No Comment Yet