মে মাসে ‘নগদে’ সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ০২ জুন ২০২৬ সময়: ০৯:২৩:২৩
ঢাকা, ১ জুন, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’ সদ্য সমাপ্ত মে মাসে লেনদেনের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
প্রতিষ্ঠানটি তাদের ইতিহাসে সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড গড়ার পাশাপাশি ঈদুল আজহার আগে উৎসব কেন্দ্রিক কেনাকাটা, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবার কারণে এ মাসে প্রতিষ্ঠানটির লেনদেন, অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যা এবং দৈনিক লেনদেনের পরিমাণ সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
মে মাসে সব মিলে ৪৪ হাজার ৬৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে নগদের মাধ্যমে। এর আগে এক মাসে নগদের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড ছিল চলতি বছরের মার্চ মাসে। সে সময় গ্রাহকেরা নগদের মাধ্যমে ৪১ হাজার ৪৬৯ কোটি টাকার লেনদেন করেছিলেন।
এছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে গ্রাহকেরা ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন করেছেন। সর্বশেষ ছয় মাসের ভেতর অন্তত চার মাসেই আগের লেনদেনের রেকর্ডগুলো নতুন করে লিখেছে নগদ।
শেষ হওয়া এই মাসেই ঈদুল আজহার সপ্তাহে অন্তত দুইবার দিনে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড তৈরি করেছে প্রতিষ্ঠানটি। শুধু ২৪ মে নগদের মাধ্যমে লেনদেন হয় দুই হাজার ১৬২ কোটি টাকা। একদিন বিরতি দিয়ে ২৬ মে লেনদেন হয় দুই হাজার ১৭৭ কোটি টাকা। এর আগে ২০ মে লেনদেন হয় দুই হাজার ১০৫ কোটি টাকা।
বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025
মূলত ঈদের মাসে মানুষের লেনদেন সংক্রান্ত প্রয়োজন অনেক বৃদ্ধি পায়। ফলে এই সময়ে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, বিদেশ থেকে রেমিট্যান্স আসা, মোবাইল রিচার্জ করা, সেবা প্রতিষ্ঠানের বিল প্রদান এবং কেনাকাটার পেমেন্টসহ এমন নানান কাজে গ্রাহকেরা আগের চেয়ে বেশি নগদের ওপর নির্ভর করেছেন। এছাড়া এ মাসেই সরকারি ভাতা এবং আর্থিক সুবিধাও বিতরণের অন্যতম প্রধান মাধ্যম ছিল নগদ।
নগদের মাধ্যমে লেনদেনের এমন ইতিবাচক ধারার বিষয়ে প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘নগদের এমনকিছু সেবা আছে যা গ্রাহকদের সহজে আকৃষ্ট করে। নগদে যেহেতু খরচ কম, আমাদের দেশের সাধারণ মানুষের কাছে নগদ অনেক জনপ্রিয়। কারণ এক হাজার টাকা ক্যাশ আউট করলে এখানে সাড়ে ছয় টাকা খরচ কম হয়। আমাদের দেশে বিদ্যমান মোবাইল আর্থিক সেবাগুলোর মধ্যে নগদ এখনো সবচেয়ে কম টাকায় ক্যাশ আউট করার সুযোগ দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এছাড়া অন্যান্য সার্ভিস যেমন সেন্ড মানি ফ্রি এবং নগদের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ করলে গ্রাহকের সবচেয়ে বেশি লাভ হয়। ফলে নগদের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। এই আস্থা বাড়ার ফলেই দিন দিন নিজেদের রেকর্ডগুলো নতুন করে লিখতে পারছে নগদ। এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা ভবিষ্যতে আরও অনেক বেশি লেনদেন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।’
No Comment Yet