বাসযোগ্য নগরী গড়তে একযোগে কাজ করতে হবে : কেসিসি প্রশাসক

খুলনা, ৪ জুন, ২০২৬, (বাসস): সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য খুলনা নগরী গড়তে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।

পরিকল্পিত বৃক্ষরোপণ, বন ও জলাশয় রক্ষা, নিরাপদ যাতায়াত, বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ সুরক্ষায় সকলের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। পৃথিবীর ভারসাম্য রক্ষায় পরিকল্পিত নগরায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাস্তবভিত্তিক সমাধানে উদ্যোগী হয়ে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হবে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে নগরীর ময়লাপোতা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন, সাইকেল র‌্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিশ্ব পরিবেশ দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘ইনস্পায়ার্ড বাই ন্যাচার-ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার’ প্রতিপাদ্যকে সামনে রেখে হেলদি সিটি ফোরামের উদ্যোগে বেসরকারি সংস্থা সিয়াম, একটিভ সিটিজেন প্লাটফর্ম, নিরাপদ সড়ক চাই, বিডিক্লিন, ক্লিন-আপ খুলনা, বিআইপি, খুলনা সাইক্লিস্ট, সিডিপি, মাসাস, রূপান্তর, আমরা বৃহত্তর খুলনাবাসী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্বিষহ গরম, তীব্র তাবদাহ, সুপেয় পানির অভাব, বন্যা, জলোচ্ছ্বাস, জীব-বৈচিত্র্যের বাস্তুসংস্থান ধ্বংসসহ পরিবেশের নানারুপ বৈরি প্রভাবের কারণে প্রতিনিয়ত জনজীবন বিপর্যস্ত হচ্ছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

সরকারের ব্যয় বাড়ছে, বাড়ছে প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই। এ কারণে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে পরিবেশ রক্ষা আন্দোলনে একত্রিত করা এবং আন্তর্জাতিক পরিবেশ চুক্তি ও নীতিমালাকে এগিয়ে নেয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

হেলদি সিটি ফোরামের আহ্বায়ক মাহফুজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন একটিভ সিটিজেন প্লাটফর্মের সভাপতি ওমর ফারুক কচি এবং হেলদি সিটি ফোরামের সদস্য সচিব ও সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড. মো. মাছুম বিল্লাহ।

0%
0%
No Comment Yet