নেত্রকোণায় অপহরণের ঘটনায় ২ জন আটক, অপহৃত উদ্ধার

নেত্রকোণা, ৭ জুন, ২০২৬ (বাসস): জেলার কলমাকান্দা উপজেলায় স্থানীয় জনতার সহায়তায় অপহৃত যুবককে উদ্ধার এবং অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় আটক দের কাছ থেকে একজোড়া হ্যান্ডকাফ এবং অপরাধে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটকরা হলেন, নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের মো. সিজন মিয়া (৩৫) এবং মো. সুজাত মিয়া (৩৩)।

উদ্ধার হওয়া যুবকের নাম সোহরাব হোসেন (২৮)। তিনি জেলার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর পালপাড়া গ্রামের মো. ওয়ারেছ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন এলাকা থেকে একদল ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সোহরাব হোসেনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার আমবাড়ী এলাকায় নিয়ে যাওয়া হয়।

সেখানে অবস্থানকালে ওই ব্যক্তিদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় আমবাড়ী বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনতা সংঘবদ্ধ হয়ে তাদের চ্যালেঞ্জ করে।

বিজ্ঞাপন

Anjara World Shop

একপর্যায়ে স্থানীয়রা সোহরাবকে উদ্ধারসহ দুই ভুয়া পুলিশ সদস্যকে আটকে রাখে। এ সময় জনতার উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা কলমাকান্দা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আটকদের হেফাজতে নেয়।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বারহাট্টা থেকে অপহৃত যুবক সোহরাব হোসেনকে নিরাপদ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

একই সাথে দুই ভুয়া পুলিশকে আটক এবং তাদের কাছ থেকে সাধারণ মানুষকে ভয় দেখাতে ব্যবহৃত একজোড়া হ্যান্ডকাফ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

0%
0%
No Comment Yet