প্রথম দিন অলআউট হয়ে বিপাকে বাংলাদেশ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ২৯ জুন ২০২৬ সময়: ০৮:৫২:১০
ঢাকা, ২৮ জুন ২০২৬ (বাসস) : ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে। ৯ উইকেট হাতে নিয়ে মাত্র ৪ রানে পিছিয়ে জিম্বাবুয়ে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৭ বলে ২ রান করে জিম্বাবুয়ের বাঁ-হাতি পেসার নিউম্যান নিয়ামুরির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়।
দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টায় ৩০ রান যোগ করেন আরেক ওপেনার সাদমান ইসলাম ও মোমিনুল হক। ৩টি চারে ২০ রান তুলে পেসার ব্রাড ইভান্সের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন সাদমান।
৩৬ রানে দুই ওপেনার ফেরার পর দলের হাল ধরেন মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৩০ বল খেলে ৭৭ রানের জুটি গড়েন তারা। এরমধ্যে ৬৪ বলে টেস্টে ২৮তম হাফ-সেঞ্চুরির দেখা পান মোমিনুল।
হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি মোমিনুল। নিয়ামুরির বলে দ্বিতীয় স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়েন তিনি। ৮১ বলে ১২টি চারে ৬০ রান করেন মোমিনুল। শান্তর সাথে ১৩০ বলে ৭৭ রানের জুটি গড়েন মোমিনুল।
দলীয় ১১৩ রানে তৃতীয় ব্যাটার হিসেবে মোমিনুল আউট হবার পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে বাংলাদেশের ইনিংস। এতে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয় তারা। ২৭ রানে শেষ ৮ উইকেট হারায় টাইগাররা। জিম্বাবুয়ের মাটিতে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রান বাংলাদেশের।
বিজ্ঞাপন
anjara world
শান্তর ১৯ রানের পর, আর কোন ব্যাটারই দুই অংকে পা দিতে পারেননি। মুশফিকুর রহিম ৯, দুই অভিষিক্ত তাওহিদ হৃদয় ৩ ও অমিত হাসান ৪, তাইজুল ইসলাম ৯, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ খালি হাতে ফিরেন।
জিম্বাবুয়ের নয়ামুরি ৬১ রানে ৪ উইকেট নেন। এছাড়া রিচার্ড এনগারাভা-ব্লেসিং মুজারাবানি ও ব্রাড ইভান্স ২টি করে শিকার করেন।
নিজেদের প্রথম ইনিংস শুরু করে ৮৯ রানের সূচনা করে জিম্বাবুয়ের দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া ও বেন কারান। ১৭তম ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন পেসার খালেদ। স্লিপে শান্তকে ক্যাচ দিয়ে বিদায় নেন কারান। ৫১ বল খেলে ৫ চারে ৪২ রান করেন কারান।
No Comment Yet