দুঃখ প্রকাশের পর বিএসএফকে অস্ত্র ফেরত দিলো বিজিবি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তির পর গ্রামবাসীর ধাওয়ায় ফেলে যাওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় কয়েকজন বাংলাদেশি কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে কৃষকদের মারধর করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দেন। এ সময় তারা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতের দিকে চলে যান।

পরে খবর পেয়ে বনচৌকী ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্র দুটি ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে যান লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

এরপর মঙ্গলবার সন্ধ্যার পর ওই সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বিএসএফের কমান্ড্যান্ট বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন।

বৈঠকে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি ঘটনায় জড়িত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

পরে সরকারি ও প্রশাসনিক বিধি অনুসরণ করে উদ্ধার করা দুটি শটগান ও একটি ওয়াকিটকি বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বিজিবি।

0%
0%
No Comment Yet