জেদ্দা থেকে চট্টগ্রাম ফেরার পথে বিমানে নারীর মৃত্যু
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ সময়: ০৮:২৬:২৪
সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাঝ আকাশে অসুস্থ হয়ে ছানোয়ারা বেগম (৫৫) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। ওই যাত্রীকে জরুরি চিকিৎসা দেওয়ার জন্য ফ্লাইটটি ওমানের মাসকট বিমানবন্দরে অবতরণ করা হলেও শেষ রক্ষা হয়নি।
বুধবার (২৮ আগস্ট) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করে। পথিমধ্যে যাত্রী ছানোয়ারা বেগম হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে পাইলট ফ্লাইটটি ওমানের মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণ করান। সেখানে বিমানবন্দরের চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, মৃত ছানোয়ারা বেগমের বাড়ি চট্টগ্রামে। তবে তাঁর বিস্তারিত ঠিকানা এখনো পাওয়া যায়নি। বর্তমানে মাসকটে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাঁর মরদেহ দেশে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
জরুরি অবতরণ ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে ফ্লাইটটি অন্যান্য যাত্রীদের নিয়ে পুনরায় মাসকট থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। আজ বিকেলের মধ্যেই ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
মাঝ আকাশে অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে ফ্লাইটের অন্যান্য যাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
No Comment Yet