বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ সময়: ১২:৫৩:২৫
নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জাতিসংঘের বিশাল সাধারণ পরিষদ হল। সামনে সারিবদ্ধভাবে বসা বিশ্বনেতারা। মঞ্চে ধীর পায়ে এগিয়ে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, পরনে কালো স্যুট, লাল টাই; হাসিমুখে সকলকে জানালেন শুভেচ্ছা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হল- এ প্রবেশ করেন। সঙ্গে সঙ্গেই মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে অধিবেশন কক্ষ। মঞ্চে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তখন বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি মানুষের চোখ স্থির ছিল তাঁর দিকে। এ যেন শুধু একজন রাষ্ট্রনায়কের ভাষণ নয়, বিশ্বমঞ্চে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের মানুষের স্বপ্ন, প্রত্যাশা ও ভালোবাসার কণ্ঠ।
শুরুতেই বাংলাদেশের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতার পর থেকে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন তাদের অবদানকে বিনম্রচিত্তে স্মরণ করেন তিনি।
পরে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে বীর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদ এবং আহতদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
বিজ্ঞাপন
Anjara World Shop
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে তুলে ধরেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ নানা দিক। বিশ্ববাসীর প্রতি দেন সুস্পষ্ট শান্তির বার্তা।
এই দৃশ্য যেন মনে করিয়ে দেয়, পৃথিবীর মানচিত্রে আয়তনে ছোট হলেও বাংলাদেশ তার নিজস্ব অভিজ্ঞতা, প্রত্যাশা ও অবস্থান নিয়ে আজ বিশ্বে মর্যাদার দাবিদার।
No Comment Yet