ঝালকাঠিতে ৪২০০ জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

ঝালকাঠি, ৭ অক্টোবর, ২০২৬ (বাসস) :  মা ইলিশ সংরক্ষণ ও  প্রজনন নিশ্চিত  করতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ইলিশ ধরা, বাজারজাত ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। 

এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা হিসেবে ঝালকাঠিতে শুরু হয়েছে সরকারি উদ্যোগে ভিজিএফের চাল বিতরণ।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার চার উপজেলায় মোট ৪ হাজার ২০০ জেলে পরিবারের মাঝে ১০৫ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ করা হবে। এরমধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ১ হাজার, নলছিটিতে ১ হাজার, রাজাপুরে ১ হাজার ২০০ এবং কাঁঠালিয়ায় ১ হাজার জেলে পরিবার এ সহায়তা পাবেন। প্রত্যেক জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। 

বিজ্ঞাপন

Anjara World Shop

এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকালে রাজাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি মা ইলিশ রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়। 
আজ বুধবার বেলা ১১টায় রাজাপুর উপজেলা পরিষদে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, বড়ইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসা. মাকসুদা বেগম, রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন তালুকদার, রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজসহ বিএনপির নেতাকর্মীরা।

0%
0%
No Comment Yet